গত তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানে ফের মার্কিন হামলা চালানো হলো। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ‘হুমকি সৃষ্টি করা’ ইরানের চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বুধবার (২৭ মে) সেন্টকম জানিয়েছে, বন্দর আব্বাসের একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যেখান থেকে পঞ্চম ড্রোনটি উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, মার্কিন সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হতে পারে - এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ইরানি গণমাধ্যম জানায়, বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বন্দর আব্বাসের এই বিস্ফোরণ এবং মার্কিন বিমান হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
অন্যদিকে, ইরানের সাথে সম্ভাব্য কোনো চুক্তি বা সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগের কঠোর অবস্থানে অনড় রয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, তেহরানের সাথে কোনো চুক্তির বিষয়ে তিনি কোনোরকম তাড়াহুড়ো করবেন না এবং এ নিয়ে তাকে কোনোভাবেই রাজনৈতিক চাপে ফেলা যাবে না।