যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় ঘটেছে এক অদ্ভুত ঘটনা। গত শনিবার নেব্রাস্কার স্কটসব্লফ শহরের গ্যাস স্টেশনে পার্ক করা পিকআপ ট্রাকের ভেতরে থাকা একটি পোষা কুকুরের অসাবধানতায় লোডেড শটগান থেকে গুলি ছুটে যাওয়ার ঘটনা ঘটে। এতে এক নারী আহত হয়েছেন।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘কেএনওপি নিউজ ২’ এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর প্রকাশ করেছে।
স্থানীয় পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা একটি ট্রাকের দরজায় গুলির আঘাতের চিহ্ন দেখতে পান। প্রাথমিক তদন্তে জানা যায়, ট্রাকটি স্টোরের সামনে থামানোর পর পেছনের সিটে থাকা কুকুরটি একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় সেখানে রাখা একটি শটগানের ওপর ভর দেয়। বন্দুকটিতে আগে থেকেই গুলি ভরা (লোডেড) থাকায় কুকুরের চাপে ট্রিগারে টান পড়ে এবং মুহূর্তেই গুলি ছিটকে বের হয়।
গুলিটি ট্রাকের দরজা ফুটো করে সোজা রাস্তায় গিয়ে লাগে। ওই সময় গ্যাস স্টেশনের কাছে কনভেনিয়েন্স স্টোরের সামনে দাঁড়িয়ে থাকা এক নারীর হাতে গিয়ে গুলি লাগে।
আহত ওই নারীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, তার আঘাত গুরুতর নয়।
স্কটসব্লফ পুলিশ বিভাগ জানায়, নেব্রাস্কার রাজ্য আইন অনুযায়ী মহাসড়কে বা গাড়ির ভেতরে গুলিভর্তি বা লোডেড শটগান নিয়ে যাতায়াত করা সম্পূর্ণ অবৈধ। এই আইন অমান্য করলে অপরাধীকে সর্বনিম্ন ৫০ ডলার জরিমানার দিতে হয়। ঘটনাটির তদন্ত এখনও চলছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে কুকুরের পায়ের চাপে অসাবধানতাবশত গুলি চলার ঘটনা এর আগেও ঘটেছে। তবে পুলিশ কর্মকর্তাদের মতে, স্কটসব্লফের এই ঘটনাটি বেশ ব্যতিক্রম। কারণ, গাড়ি ভেদ করে গুলিটি অনেক দূর পর্যন্ত ছুটে গেছে এবং গাড়ির বাইরে থাকা কোনো ব্যক্তিকে আঘাত করেছে - এমন ঘটনা সচরাচর দেখা যায় না।