যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের আকাশে একটি বিশাল উল্কাপিণ্ড বায়ুমন্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হয়েছে।
শনিবার (৩০ মে) স্থানীয় সময় দুপুর ২টায় এই ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, এই উল্কা বিস্ফোরণের তীব্রতা ছিল প্রায় ৩০০ টন টিএনটি বিস্ফোরণের সমপরিমাণ।
আমেরিকান মিটিওর সোসাইটি নিশ্চিত করেছে যে, ম্যাসাচুসেটস ও নিউ হ্যাম্পশায়ারের সীমান্তের কাছে একটি উল্কাপিণ্ড বিস্ফোরিত হওয়ায় একাধিক অঙ্গরাজ্যের বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।
নাসার ডেপুটি নিউজ চিফ জেনিফার ডুরেন এক বিবৃতিতে জানান, উল্কাপিণ্ডটি ঘণ্টায় প্রায় ৭৫,০০০ মাইল বা ১ লাখ ২০ হাজার কিলোমিটারেরও বেশি গতিতে পৃথিবীর দিকে আসছিল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ মাইল ওপরে থাকা অবস্থায় এটি প্রচণ্ড শক্তিতে বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে যায়। এই বিপুল পরিমাণ শক্তি নির্গত হওয়ার কারণেই মূলত আকাশে বিকট শব্দের সৃষ্টি হয়।
তিনি আরও স্পষ্ট করেন যে, এটি চলমান কোনো উল্কাবৃষ্টির অংশ বা কোনো কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ নয় বরং মহাশূন্য থেকে আসা একটি সম্পূর্ণ প্রাকৃতিক শিলাখণ্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৃষ্ট এই প্রচণ্ড শব্দে ম্যাসাচুসেটস এবং রোড আইল্যান্ডের বিভিন্ন ভবন কেঁপে ওঠে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, ঘটনার পরপরই পুলিশ ও অন্যান্য সংস্থাগুলো এই শব্দের কারণ অনুসন্ধানে তৎপর হয়ে ওঠে।