যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প একসময় দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের ‘এসকর্ট’ হিসেবে কাজ করতেন এবং এপস্টাইনের মাধ্যমেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়েছিল, এমন এক বিস্ফোরক দাবি সামনে এসেছে। মেলানিয়ার এক সাবেক ঘনিষ্ঠ সহযোগীর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি বিস্ট’ এই প্রতিবেদন প্রকাশ করেছে।
ব্রাজিলের সাবেক মডেল আমান্ডা উঙ্গারো একটি অডিও রেকর্ডিংয়ে এই অভিযোগ তোলেন, যা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। উঙ্গারো তার সাবেক সঙ্গী তথা মেলানিয়ার সাবেক মডেলিং এজেন্ট পাওলো জ্যাম্পোলির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন। জ্যাম্পোলি দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, ১৯৯৮ সালের একটি পার্টিতে তিনিই মেলানিয়া ও ডোনাল্ড ট্রাম্পের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে উঙ্গারোর দাবি, এই তথ্য সম্পূর্ণ অসত্য।
জ্যাম্পোলির সঙ্গে দীর্ঘদিন ধরে সন্তান কাস্টডির (আইনি অভিভাবকত্ব) লড়াইয়ে জড়ানো আমান্ডা উঙ্গারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা এক রেকর্ডিংয়ে বলেন, “আসুন জনগণকে সত্যিটা বলি, আপনি (জ্যাম্পোলি) কখনোই ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার পরিচয় করিয়ে দেননি। এটি জেফরি এপস্টাইন করেছিলেন, কারণ মেলানিয়া তখন এপস্টাইনের এসকর্ট ছিলেন। এভাবেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দেখা হয়।”
উঙ্গারো জ্যাম্পোলিকে উদ্দেশ্য করে আরও বলেন, “আমি এটি জানি, কারণ আমি আপনার সঙ্গে ২০ বছর ছিলাম এবং আপনি নিজেই আমাকে সবসময় বলতেন যে এটি আপনি নন, এটি জেফরি এপস্টাইন করেছিলেন।”
এদিকে পাওলো জ্যাম্পোলি এই অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন। বর্তমানে বৈশ্বিক অংশীদারিত্ব বিষয়ক বিশেষ দূত এবং কেনেডি সেন্টারের ট্রাস্টি বোর্ডের সদস্য জ্যাম্পোলি ডেইলি বিস্টকে বলেন, “আমি মনে করি এটা অত্যন্ত লজ্জাজনক যে সে আমাদের চমৎকার ফার্স্ট লেডি সম্পর্কে এই ধরনের কথা বলার সাহস দেখিয়েছে। আমি সত্যি তার মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত এবং আমার মনে হয় তার থেরাপি নেওয়া দরকার।”
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আমান্ডা উঙ্গারো নিজে মাত্র ১৭ বছর বয়সে ২০০২ সালের জুনে প্যারিস থেকে নিউইয়র্ক যাওয়ার পথে এপস্টাইনের ব্যক্তিগত বিমান ‘ললিতা এক্সপ্রেস’-এ ভ্রমণ করেছিলেন। সে সময় তার সঙ্গে ছিলেন ফরাসি মডেলিং স্কাউট জঁ-লুক ব্রুনেল, যিনি এপস্টাইনের জন্য নারী সংগ্রহকারী হিসেবে পরিচিত ছিলেন। উঙ্গারো এবং জ্যাম্পোলি বহু বছর ধরে ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পের সামাজিক বৃত্তে চলাফেরা করেছেন এবং মার-এ-লাগো-সহ বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে ছবিও রয়েছে।
উঙ্গারোর পোস্ট করা অডিও রেকর্ডটি পরবর্তীতে তার এক্স অ্যাকাউন্ট থেকে মুছে ফেলা হলেও, এটি এপস্টাইন বিতর্ককে নতুন করে উস্কে দিয়েছে। হোয়াইট হাউস এবং ফার্স্ট লেডির কার্যালয় এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের উন্মোচিত নথি অনুসারে, এপস্টাইনের এক সাবেক সহকারীও এফবিআইকে জানিয়েছিলেন যে এপস্টাইনই ডোনাল্ড ও মেলানিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন।
এই অভিযোগের বিপরীতে মেলানিয়া ট্রাম্পের পূর্ববর্তী বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। গত এপ্রিল মাসে এক আকস্মিক সংবাদ সম্মেলনে তিনি এই সংক্রান্ত দাবিগুলোকে ‘উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছিলেন।
মেলানিয়া ট্রাম্প বলেন “আমি এপস্টাইনের ভুক্তভোগী নই। এপস্টাইন আমার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পরিচয় করিয়ে দেননি। ১৯৯৮ সালে নিউইয়র্ক সিটির একটি পার্টিতে ভাগ্যের জোরে আমার স্বামীর সঙ্গে আমার দেখা হয়েছিল, যা আমার ‘মেলানিয়া’ বইটিতে বিস্তারিত লেখা আছে। আর এপস্টাইনের সঙ্গে আমার প্রথম দেখা হয় ২০০০ সালে একটি অনুষ্ঠানে, যেখানে আমি ও ডোনাল্ড একসঙ্গে গিয়েছিলাম। এর আগে আমি তাকে চিনতাম না।”
অন্যদিকে জ্যাম্পোলি দাবি করেছেন, উঙ্গারোর এই অডিও রেকর্ডিংয়ের বড় অংশই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে এবং তিনি এই বিষয়ে আইনি ব্যবস্থা নিচ্ছেন।
তবে অডিওটি প্রথম প্রকাশ করা স্বাধীন সাংবাদিক অ্যান্থনি অ্যান্ড্রুস জ্যাম্পোলির এআই-এর দাবি নাকচ করে দিয়ে এক্স-এ লিখেছেন, “এই লড়াইয়ে আপনি জিততে পারবেন না। আমার কাছে আরও অনেক তথ্য ও কনটেন্ট রয়েছে এবং আমি নিশ্চিত করছি এগুলো এআই দিয়ে তৈরি নয়।”