হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের ফিনটেক উদ্যোক্তা কুনাল শাহ।
মঙ্গলবার (২৩ জুন) বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা সোমবার (২২ জুন) রাতে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ এর লাখো ব্যবহারকারীদের উন্নত সেবা দিয়ে ‘মনেটাইজ’ করার উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় স্টার্টআপ বিশেষজ্ঞ কুনালকে নিয়োগ দিয়েছে মেটা - এমনটাই বলছেন বিশ্লেষকরা।
বিবৃতিতে মেটা উল্লেখ করে, কুনাল শাহকে নিয়োগ দেওয়ার পাশাপাশি তার নিজের হাতে গড়ে তোলা ভোক্তা পর্যায়ের আর্থিক প্রতিষ্ঠান ক্রেড-এ ৯০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তারা।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, “কুনাল ক্রেডকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। বিশ্বের সবচেয়ে বড় মেসেজিং অ্যাপের প্রধান হিসেবে যে ধরনের উদ্যমী মানসিকতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন, সেটা তার (কুনালের) মধ্যে আছে।”
ভারতের ফিনটেক খাতের অভিজ্ঞ উদ্যোক্তা ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে কুনাল শাহ সুপরিচিত। তিনি ২০১৮ সালে ক্রেড প্রতিষ্ঠা করেন।
এছাড়া, নিজের হাতে গড়ে তোলা একটি পেমেন্ট স্টার্টআপ প্রতিষ্ঠানকে তিনি ই-কমার্স খাতের বড় প্রতিষ্ঠান স্ন্যাপডিলের কাছে প্রায় ৪০০ মিলিয়ন ডলারে বিক্রি করেন। একইসঙ্গে প্রযুক্তি খাতের একজন বড় বিনিয়োগকারী হিসেবেও পরিচিত তিনি।
সময়মতো ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার জন্য গ্রাহকদের পুরষ্কার দেওয়ার অভিনব উদ্যোগের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরু করেন তিনি এবং দ্রুত কাজের সম্প্রসারণ ঘটিয়ে ক্রেড সম্পদ ব্যবস্থাপনা, বিমা ও ঋণ সেবা দিতে শুরু করে। গ্রাহকের সংখ্যা বেড়ে ১ কোটি ৭০ লাখ হয়।
তার এই অভিজ্ঞতা হোয়াটসঅ্যাপকে লাভজনক করে তুলতে ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
২০২১ সালে প্রকাশিত সরকারী হিসাব মতে, হোয়াটসঅ্যাপের গ্রাহকের সংখ্যা ৫০ কোটি। কিন্তু বিশ্লেষকদের মত, এত গ্রাহক থাকা সত্ত্বেও জনপ্রিয় পেমেন্ট সেবা দিতে ব্যর্থ হয়েছে মেটার এই প্ল্যাটফর্ম।
মে মাসে ভারতের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে গ্রাহক সেবা দেওয়ার নতুন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে গ্রাহকদের স্বয়ংক্রিয় ভাবে বুকিং দেওয়াসহ অন্যান্য সেবা দেওয়া সম্ভব।
কুনাল শাহ’র মতে, হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।
গত বেশ কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে ধারাবাহিকভাবে ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তারা উচ্চপদে নিয়োগ পাচ্ছেন। এক অর্থে ‘সিলিকন ভ্যালির’ দখল এখন ভারতীয়দের হাতেই।
সুন্দর পিচাই, সত্য নাদেলা, অরবিন্দ কৃষ্ণ, নিকেশ অরোরা, সাজিথ পাই - এসব বড় বড় নামের তালিকায় এবার যোগ দিলেন কুনাল শাহ।
বর্তমানে বিজ্ঞাপন ছাড়া মেটার রাজস্ব আয়ের উৎস নেই বললেই চলে। এ বিষয়টি নিয়ে কাজ করবেন কুনাল শাহ।