১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক

স্পেসএক্স এবং টেসলার শেয়ারের দরপতনের পর বিশ্বের প্রথম পাওয়া ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।  

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

প্রতিবেদন অনুযায়ী, ওয়াল স্ট্রিটে প্রযুক্তি শেয়ারের এই ধসের কারণে তার ব্যক্তিগত সম্পদ থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলার কমে গেছে।

গত ১২ জুন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে (আইপিও) আসার পর মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার হওয়ার রেকর্ড গড়েন। ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের বেশি সম্পদের মালিক হওয়ার গৌরব অর্জন করেন তিনি। 

গত ১৬ জুন লেনদেনের সময় স্পেসএক্সের শেয়ারের দাম ৪০% বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে তার সম্পদের পরিমাণ রেকর্ড ১.৪৫ ট্রিলিয়ন ডলারে দাঁড়ায়। কিন্তু এরপর স্পেসএক্সের শেয়ারের দাম প্রায় ৩০ থেকে ৩১% কমে যায়।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্সের শেয়ারের এই টানা তিন দিনের পতনে কোম্পানিটির বাজারমূল্য ২.৯ ট্রিলিয়ন ডলার থেকে ৯২৮ বিলিয়ন ডলার কমে মাত্র ২ ট্রিলিয়ন ডলারের কিছু বেশিতে নেমে এসেছে।

অন্যদিকে, মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দামও এক দিনে ৫.৮% কমে যায়, ফলে কোম্পানিটির বাজারমূল্য ৮৯ বিলিয়ন ডলার হ্রাস পায়।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের নিট সম্পদের পরিমাণ ৯৫৭.১ বিলিয়ন ডলার। আর ফোর্বসের হিসাব অনুযায়ী গত মঙ্গলবার দিন শেষে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬২ বিলিয়ন ডলার।

টেলিগ্রাফ জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারগুলোর অতিরিক্ত মূল্যায়নের উদ্বেগের কারণে মাইক্রন এবং এনভিডিয়ার মতো কোম্পানিগুলোর শেয়ারেরও দরপতন হয়েছে, যা ওয়াল স্ট্রিটের সামগ্রিক ধসে ভূমিকা রেখেছে।