ভারতের উত্তর প্রদেশের কৌশাম্বী জেলায় একটি বাড়িতে গোপনে গরুর মাংস (গোমাংস) রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।
শনিবার (২৭ জুন) অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে রান্না করা এবং কাঁচা মাংস উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কৌশাম্বী জেলার পনারা গোপালপুর গ্রামের একটি বাড়িতে উত্তর প্রদেশের প্রচলিত আইন অমান্য করে নিষিদ্ধ গবাদিপশুর মাংস রান্না করা হচ্ছে, এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
কৌশাম্বীর পুলিশ সুপার (এসপি) সত্যনারায়ণ প্রজাপত জানান, পুলিশ দলটির উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থাকা চারজন পুরুষ গ্রামের সরু গলি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। এরপর পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে প্রবেশ করে দেখতে পান, সেখানে তিন নারী বসে আছেন এবং তাদের সামনে একটি পাত্রে রান্না করা মাংস ও একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে কাঁচা মাংস রাখা রয়েছে। ওই নারীরাও পালানোর চেষ্টা করলে কর্তব্যরত নারী পুলিশ সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারীরা স্বীকার করেছেন যে উদ্ধারকৃত মাংসটি গরুর মাংস এবং তাদের পরিবারের পুরুষ সদস্যরা এটি বাড়িতে নিয়ে এসেছিলেন। উদ্ধারকৃত মাংসের অর্ধেক অংশ সেদিন খাওয়ার জন্য রান্না করা হচ্ছিল এবং বাকি অর্ধেক পরের দিনের জন্য রেখে দেওয়া হয়েছিল। গ্রেফতারকৃত তিন নারীই ওই গ্রামের বাসিন্দা।
অভিযানস্থল থেকে সন্দেহভাজন ১ কেজি কাঁচা এবং ১ কেজি রান্না করা গরুর মাংস জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় সংশ্লিষ্ট সরাই আকিল থানায় ‘উত্তর প্রদেশ গো-বধ প্রতিরোধ আইন’ -এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্ত নারীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।