ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে এক প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার পরিকল্পনা শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয়। পরিকল্পনা অনুযায়ী প্রেমিক যমুনা নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা আর ঝাঁপ দেননি। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের অভিযানে জীবিত উদ্ধার করা হয় ওই যুবককে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুজন একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে গিয়েছিলেন। সেখানে কিছুক্ষণ কথাবার্তার পর পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন। তবে তার সঙ্গে থাকা তরুণী নদীতে ঝাঁপ না দিয়ে ঘটনাস্থলেই দাঁড়িয়ে সবকিছু দেখেন। পরে তিনি শান্তভাবে সেখান থেকে হেঁটে চলে যান।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।