ভারতের জেন-জি আন্দোলনে ঢাকার চিত্র, কে এই রিয়া আহির

পরনে ধূসর রঙের হুডি, দুই হাত প্রসারিত করে শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে মুখোমুখি আটকে দিয়েছেন পুলিশের একটি প্রিজন ভ্যান। ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের কোহিনূর স্কয়ারে সম্প্রতি ধারণকৃত এই ছবিটি এখন দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার ঝড় তুলেছে। চলমান শিক্ষাসংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে ছবিটি এখন প্রতিবাদ ও সাহসিকতার নতুন প্রতীক হয়ে উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, পুলিশ ভ্যান আটকানো সাহসীকতার পরিচয় দেওয়া ওই তরুণীর নাম রিয়া আহির (২৭)। পেশায় তিনি একজন মডেল ও অনলাইন কনটেন্ট ক্রিয়েটর, যিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় এবং তার অনুসারীর সংখ্যা লক্ষাধিক।

ঘটনার বিস্তারিত জানিয়ে হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়া জানান, গতকাল বুধবার নিজের ব্যক্তিগত কাজে কোহিনূর স্কয়ার এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় কোহিনূর স্কয়ারের সামনে একটি পুলিশ ভ্যানে থাকা আটক তরুণ-শিক্ষার্থীদের বিক্ষোভের স্লোগান শুনতে পান তিনি।

রিয়া বলেন, "স্লোগান শুনেই বুঝতে পারি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তরুণ আন্দোলনকারীদের অযথাই আটকে রেখে নিয়ে যাচ্ছে পুলিশ। দৃশ্যটি দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমার মনে হয়েছিল, প্রতিবাদে শরিক হতে হলে এই মুহূর্ত থেকেই শুরু করা উচিত।"

সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে চলন্ত পুলিশ ভ্যানের ঠিক সামনে গিয়ে হাত দিয়ে গতিরোধ করে শক্ত হয়ে দাঁড়ান তিনি। রিয়া আরও জানান, পুলিশ গাড়িটি থামাতে বাধ্য হয় এবং তাঁকে বোঝানোর চেষ্টা করে যে সামনে গিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু সেই অজুহাত না মেনে তিনি নিজের অবস্থানে অনড় থাকেন এবং তরুণদের মুক্তি দাবি করেন। মুহূর্তের মধ্যেই সেই প্রতিরোধের দৃশ্যটি ক্যামেরাবন্দী হয়ে নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে অনেকেই এই ঘটনাটিকে সাম্প্রতিক ইতিহাসের অন্যান্য আইকনিক প্রতিবাদের সঙ্গে তুলনা করছেন। বিশেষ করে ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহানের পুলিশ ভ্যান আটকানোর ঐতিহাসিক দৃশ্যটির কথা স্মরণ করছেন নেটিজেনরা। বাংলাদেশে ঢাকা হাইকোর্টের মাজার গেটে পুলিশের গাড়ি আটকে সহপাঠীদের মুক্ত করার সেই সাহসী পদক্ষেপ যেমন ছাত্র-জনতার প্রেরণা জুগিয়েছিল, মুম্বাইয়ে রিয়া আহিরের এই সাহসী প্রতিরোধও ভারতের আন্দোলনরত তরুণদের মাঝে নতুন উদ্দীপনা জুগিয়েছে।