প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইনের প্রতিশ্রুতি, ভিডিও বার্তায় মোদি

বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নতুন আইন আনার ঘোষণা দিয়ে তিনি জানান, এ-সংক্রান্ত আইনের একটি খসড়া ইতোমধ্যে তার হাতে পৌঁছেছে। শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি নিয়ে আলোচনা হবে।  

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত আদালতে করার আশ্বাস দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় জাতির উদ্দেশে মোদি এ ভিডিও বার্তা দেন।

তবে বিচার দ্রুত করার বিষয়ে মোদির এ আশ্বাস আমলে না নিয়ে আন্দোলনরত ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে।

ভিডিও বার্তায় তিনি আরো বলেন, “বন্ধুরা, আমি ভালোভাবেই জানি যে প্রশ্নপত্র ফাঁস কোনো ছোটখাটো বিষয় নয়। এতে লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম মানসিক কষ্টে পড়েন। এ কারণে এসব ঘটনার পর গত আড়াই মাসে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে।”

মোদি আরও বলেন, “নিরলসভাবে গভীর রাত পর্যন্ত কাজ করে সংশ্লিষ্ট বিভাগগুলো ইতোমধ্যে তার কাছে একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে। এ খসড়ায় দ্রুত বিচার আদালত গঠনসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।”

তিনি জানান, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সহকর্মীদের মতামত যুক্ত করে খসড়াটি চূড়ান্ত করা হবে। এরপর যত দ্রুত সম্ভব বিলটি পার্লামেন্টে উত্থাপন ও পাসের উদ্যোগ নেওয়া হবে।