মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম, না মানলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি (NEET-UG) এর প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিলের দাবি এবং নানা অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা বরখাস্তের দাবিতে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির নেতারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২০ জুলাইয়ের আন্দোলনের চেয়েও বড় ও তীব্র কর্মসূচি নিয়ে দেশজুড়ে রাজপথে নামবেন তারা।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী দ্বিতীয় দফার বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন সংগঠনটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

বৈঠক শেষে সিজেপি জানায়, তারা সরকারের কাছে লিখিতভাবে তিনটি প্রধান দাবি এবং শিক্ষা ব্যবস্থার স্থায়ী সংস্কারের জন্য পাঁচ দফা প্রস্তাব জমা দিয়েছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ বা বরখাস্ত করা, নিট-ইউজি প্রশ্নফাঁস ও অনিয়মের ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর ও মামলা প্রত্যাহার করে ভবিষ্যতে নতুন কোনো মামলা না দেওয়ার সরকারি নিশ্চয়তা প্রদান।

সিজেপির দাবি, সরকার দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা অপসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে কেন্দ্র শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত সময় চেয়েছে। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে শনিবার বিকেল সাড়ে ৩টায় আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।

তবে সিজেপি স্পষ্ট করে জানিয়েছে, শিক্ষামন্ত্রীর অপসারণের দাবি পূরণ না হলে শিক্ষা সংস্কার নিয়ে আর কোনো আলোচনা হবে না। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে দেশজুড়ে আগের চেয়েও বৃহত্তর ও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।