প্রশ্নফাঁস: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবার কলকাতায় বিক্ষোভ

ভারতের নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে কলকাতাতেও।

নিট পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কলকাতায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন ৯টি বাম ছাত্র ও যুবসংগঠন এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মী-সমর্থকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) শিয়ালদহ রেলস্টেশন এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল ধর্মতলায় গিয়ে শেষ হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, গত পাঁচ বছরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৮৯টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তাদের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিপুল অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত এবং সরকারের ব্যর্থতার কারণেই এ অনিয়ম বন্ধ হচ্ছে না।

এদিকে দিল্লিতে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আন্দোলনকারীরা সরকারকে আরও ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। একইসঙ্গে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস নিক্ষেপের ঘটনাও কলকাতার সমাবেশ থেকে নিন্দা জানানো হয়।  

এদিকে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলেও কেন্দ্রীয় সরকারের নির্দেশে শিক্ষাসচিবকে অপসারণ করা হয়েছে। তাকে পঞ্চায়েত বিভাগে বদলি করা হয়েছে। তবে এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়েছে।  

কলকাতার বিক্ষোভ থেকে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ, নির্যাতন ও নানা ধরনের হয়রানির প্রতিবাদ জানানো হয়।

কয়েক দিন আগে রাজধানী নয়াদিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির সমর্থকেরা বিক্ষোভ শুরু করেন। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি সাধারণ নাগরিকেরাও যোগ দেন। এরই মধ্যে বিক্ষোভ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে।

ভারতের সাংস্কৃতিক জগতের অনেক তারকা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তারা আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন।