মোদিকে ট্রল করা পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার (এনইইটি) প্রশ্নফাঁস আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ‘আপত্তিকর ও অশালীন ভাষার’ পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ। আন্দোলনের সময় মোদিকে ট্রল করে দেওয়া বিভিন্ন পোস্ট চিহ্নিত করে তা সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মকে দিল্লি পুলিশের পক্ষ থেকে এ সংক্রান্ত নোটিশ পাঠানোর বিষয়টি জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, চিহ্নিত ভিডিও, পোস্ট ও মন্তব্যের সিংহভাগই ইতিমধ্যে প্ল্যাটফর্মগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে। নতুন করে কোনো বিতর্কিত কনটেন্ট প্রকাশ পাচ্ছে কি না, তা প্রতিনিয়ত নজরদারিতে রাখছে পুলিশের একটি বিশেষ পর্যবেক্ষণ দল। নতুন কোনো কনটেন্ট চোখে পড়ামাত্রই সংশ্লিষ্ট মাধ্যমকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিন পুলিশ এই আইনি পদক্ষেপ নিল।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থীদের দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলন গত শনিবার প্রত্যাহার করা হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি সিজেপির আরও দুটি দাবি মেনে নেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে আশ্বাস আসার পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপির পক্ষ থেকে নতুন কিছু দাবি পেশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, আত্মহত্যা করা এনইইটি পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়া, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর কোনো রূপ প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও পুলিশের প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘‘ককরোচ জনতা পার্টি সদিচ্ছার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিচ্ছে। আমাদের বোঝাপড়া অনুযায়ী, সরকার নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতার শর্তগুলো বাস্তবায়ন করবে।’’

সিজেপির প্রতিনিধি আশুতোষ রাঙ্কা জানান, লিখিত চুক্তির সমঝোতা অনুযায়ী সব আয়োজক ও আন্দোলনকারীদের বিরুদ্ধে করা এফআইআর প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতে নতুন কোনো মামলা দেওয়া হবে না। তবে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে ট্রল বা আপত্তিকর পোস্ট সরানোর পুলিশি অভিযান নিয়ে সিজেপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।