ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে একটি চারতলা ভবন ধসে অন্তত ৯ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভিওয়ান্ডির বালাজি নগর এলাকার ‘কোহিনুর বিল্ডিং’-এর বি-উইং অংশটি ধসে পড়ে। ভবনটিতে সংস্কারকাজ চলছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।
পৌরসভা কর্মকর্তাদের তথ্যমতে, চারতলা ভবনটিতে মোট ৪৮টি কক্ষ ছিল। ভবনটিকে আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
স্থানীয় এক কর্মকর্তার জানিয়েছে, রাত ৯টার দিকে ভবনের ভেতর থেকে বিকট শব্দ শুনতে পান বাসিন্দারা। এ সময় তারা আতঙ্কে ভবন থেকে বেরিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যেই ভবনটির একাংশ ধসে পড়ে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে। জাতীয় দুর্যোগ সাড়াদানকারী বাহিনী (এনডিআরএফ), থানে বিপর্যয় সাড়াদানকারী দল এবং স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন।
নিখোঁজদের সন্ধানে ক্যানাইন স্কোয়াড, চারটি ফায়ার ইঞ্জিন, দুটি অ্যাম্বুলেন্স এবং ভারী মাটি সরানোর যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।