ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবে গেছে ভারতীয় পতাকাবাহী এমএসভি “ফাইজ নূরে অলিয়া” নামে একটি জাহাজ।
বিবিসি বলছে, ইয়েমেন উপকূলের কাছে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
তিনি বলেন, “জাহাজটিতে থাকা ১৪ জন আরোহীর সবাইকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৩ জনই ভারতীয় নাগরিক। একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে একটি হানার পর সেটি উল্টে গিয়ে ডুবে গেছে।”
সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, জাহাজটিতে কারা হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এটি লোহিত সাগরে জাহাজগুলোর ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা। ফেব্রুয়ারিতে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর কিছু তেলবাহী জাহাজ এই বিকল্প নৌপথ ব্যবহার করছিল।
ঘটনাটিকে “গভীর উদ্বেগজনক” বলে উল্লেখ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে তারা জানায়, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা অবশ্যই বন্ধ হতে হবে। আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই অঞ্চলের আন্তর্জাতিক নৌপথে অবাধ ও বাধাহীন নৌচলাচল এবং বাণিজ্য যত দ্রুত সম্ভব পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।