ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় যাত্রীবাহী বাস উল্টে নিচের সড়কে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসটির চালক ও তার সহকারী (কন্ডাক্টর) রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (৮ আগস্ট) সকালে জেলার দেবিকোঠি এলাকার বৈরাগড়-তিসা সড়কের চালুঞ্জ মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে যাত্রা শুরু করে বাসটি। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে ১৮ জন যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উল্টে নিচের সড়কে পড়ে যাওয়ার পর কয়েকজন যাত্রী দুর্ঘটনাকবলিত বাসের ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েন।
সহায়তার জন্য আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। পরে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ, হোমগার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তারা বাসের ধ্বংসাবশেষ থেকে যাত্রীদের উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠান।
আহত ১০ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
বৈরাগড়-তিসা সড়কটি ২৭ কিলোমিটার দীর্ঘ একটি পাহাড়ি সড়ক। দুর্গম চুরাহ উপত্যকার এই সড়কটি সরু ও খাড়া ঢালের জন্য পরিচিত। উচ্চতর এলাকায় অবস্থিত সাচ পাসের দিকে যাতায়াতের জন্য এটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হিসেবে ব্যবহৃত হয়।