বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, ‘‘দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক আদান-প্রদানের ভিত্তিতে এগিয়ে নিতে চায় নয়াদিল্লি।’’
মঙ্গলবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘‘এ মুহূর্তে এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য বা অগ্রগতি পাওয়া গেলে তা সাংবাদিকদের জানানো হবে।’’
তারেক রহমানের সফর নিয়ে রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে আসার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য বা অগ্রগতি তার কাছে এলে তিনি তা জানাবেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার বক্তব্য সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘‘এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’’
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে রণধীর জয়সওয়াল বলেন, ‘‘ভারত পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক আদান-প্রদানের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।’’
তিনি আরও বলেন, ‘‘ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। পানি-সম্পর্কিত সব আলোচনা যৌথ নদী কমিশন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে হওয়া উচিত।’’