বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত ২১ আগস্ট থেকে ওই স্থগিতাদেশ আর কার্যকর নেই।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   

গত ২১ জানুয়ারি থেকে স্থগিতাদেশটি কার্যকর ছিল। এর আওতায় বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল ও পাকিস্তানসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা আবেদন স্থগিত করা হয়েছিল। 

পররাষ্ট্র দপ্তর জানায়, অভিবাসী ভিসা যাচাই-বাছাইয়ের নীতিমালা পর্যালোচনার সময় এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছিল। এর লক্ষ্য ছিল, অভিবাসীরা যেন যুক্তরাষ্ট্রে গিয়ে আর্থিকভাবে স্বনির্ভর থাকতে পারেন এবং সরকারি সহায়তার ওপর নির্ভরশীল না হন।

স্থগিতাদেশ চলাকালে সংশ্লিষ্ট দেশগুলোর আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া ও সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। তবে ভিসা ইস্যু করা স্থগিত ছিল।

এখন স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় সংশ্লিষ্ট দেশের নাগরিকেরা নিয়ম অনুযায়ী অভিবাসী ভিসার আবেদন করতে এবং আবেদনপ্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন।

যে দেশগুলো ছিল তালিকায়

স্থগিতাদেশের তালিকায় ছিল আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস ও লেবানন।

এছাড়া লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসেডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেনও তালিকায় ছিল।

আদালতের আদেশ

৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে ২১ আগস্ট যুক্তরাষ্ট্রের ম্যানহাটান ডিস্ট্রিক্ট আদালত রায় দেন।

বিচারক জ্যানেট ভার্গাস বলেন, “জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিবাসী ভিসা আবেদন নিয়ে যে নীতি ঘোষণা করেছিল, তা স্পষ্টতই বেআইনি এবং কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী।”

রায়ে আরও বলা হয়, বিদ্যমান আইনে অভিবাসী ভিসার আবেদনপ্রক্রিয়ায় কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা স্পষ্টভাবে সীমিত করা হয়েছে। ফলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনগত এখতিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি গ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটে আবেদন যাচাইয়ের পর কোনো ব্যক্তিকে ভিসা দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তারা।

বিচারক ভার্গাস আরও বলেন, “আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করার এ নীতি প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন।”

এর আগে, অভিবাসী ভিসা স্থগিত করার বিষয়ে পররাষ্ট্র দপ্তর যুক্তি দিয়েছিল, তালিকাভুক্ত ৭৫ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি।