মোদির অনুষ্ঠানস্থলে ২ বন্দুকধারী, উচ্চ সতর্কতা জারি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাই সফরের ঠিক আগে অনুষ্ঠিতব্য কর্মসূচির অনুষ্ঠানস্থলে এক বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। নির্ধারিত স্থানে পিস্তলসহ দুজন ব্যক্তি ভেতরে প্রবেশের চেষ্টা চালালে দ্রুত তাদের আটক করে পুলিশ। এ ঘটনার পর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এনডিটিভির একটি প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

মুম্বাইয়ের বান্দা কুরলা কমপ্লেক্সের (বিকেসি) জিও ওয়ার্ল্ড প্লাজা এলাকায় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটে। সফরকে কেন্দ্র করে পুলিশের নিয়মিত নিরাপত্তা মহড়া চলার সময় অত্যন্ত সুরক্ষিত ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ২৪ বছর বয়সী রোহান পারেখ এবং তার সঙ্গে থাকা এক সশস্ত্র নিরাপত্তাকর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় আটক রোহান পারেখ নিজেকে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তবে তার প্রদর্শিত পরিচয়পত্রটি যাচাই-বাছাইয়ের পর পুরোপুরি ভুয়া বলে নিশ্চিত করে পুলিশ।

আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটির বৈধ লাইসেন্স থাকলেও ভুয়া সরকারি পরিচয়পত্র ব্যবহার করে সুরক্ষিত ভিআইপি জোন ও প্রধানমন্ত্রীর কর্মসূচি এলাকায় প্রবেশের পেছনে সুনির্দিষ্ট কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পরপরই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ আনুষ্ঠানিকভাবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদির আগমন ও নিরাপত্তা নিশ্চিতের সার্বিক প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে বড় ধরনের সম্ভাব্য ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।