ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

ফিলিপাইনের পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৮০ জনের বেশি মানুষ। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফিলিপাইন কোস্টগার্ড (পিসিজি) এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোস্টগার্ড জানায়, গত বুধবার রাতে পালাওয়ানের কোরন উপকূলের জলসীমায় ‘এমভি জুন অ্যাস্টার’ নামের ফেরিটিতে হঠাৎ আগুন লাগে। দুর্ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে ৪৩ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। 

কোস্টগার্ডের মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবিয়াব স্থানীয় ডিজেডএক্সএল রেডিওকে জানান, ফেরিটির যাত্রা তালিকায় ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্যের নাম উল্লেখ ছিল। উদ্ধার হওয়া ও নিহতদের সংখ্যার ওপর ভিত্তি করে এখন পর্যন্ত ৮০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে এবং  নিখোঁজ ব্যক্তির সংখ্যা পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

কোস্টগার্ডের প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনের লেলিহান শিখা ফেরিটিতে ছড়িয়ে পড়েছে এবং উদ্ধারকর্মীরা নিহতদের মরদেহ ব্যাগে তুলে নিচ্ছেন।

কর্মকর্তারা জানান, যাত্রীবাহী ফেরিটি রাজধানী ম্যানিলার বাসেকো বন্দর থেকে ছেড়ে কোরনের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।