দক্ষিণ কোরিয়ার আইনি ইতিহাসে এযাবৎকালের সর্ববৃহৎ ডিভোর্স সেটেলমেন্টের (বিবাহবিচ্ছেদজনিত সম্পদ বণ্টন) ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির একটি আদালত। রায়ে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান স্মাইলগেটের প্রতিষ্ঠাতা ও শতভাগ শেয়ারের মালিক কওন হিয়ক-বিনকে তার সাবেক স্ত্রী লি হোয়া-জিনকে ২ দশমিক ৫৫ ট্রিলিয়ন ওন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার ৯৪৫ কোটি টাকা) সমমূল্যের সম্পত্তি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
হস্তান্তরযোগ্য সম্পদের মধ্যে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্মাইলগেটের প্রায় ৩৫% শেয়ার (যার আর্থিক মূল্য ২.৫ ট্রিলিয়ন ওন) এবং বাড়তি ৬৫ বিলিয়ন ওনের নগদ অর্থ। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, কওন প্রায় ৩০০ কোটি ডলারের নিট সম্পদের মালিক এবং দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ ধনী।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতি ২০০২ সালে ফার্স্ট-পার্সন শুটার গেম ‘ক্রসফায়ার’ ও অ্যাকশন রোল-প্লেয়িং গেম ‘লস্ট আর্ক’-এর মতো বিশ্বখ্যাত গেমের প্রবর্তক ‘স্মাইলগেট’ প্রতিষ্ঠা করেন। বিচ্ছেদের আবেদনে সাবেক স্ত্রী লি কোম্পানির ৫০% শেয়ার দাবি করে যুক্তি দেন, শুরুর দিনগুলোতে তিনি প্রতিষ্ঠানে সরাসরি অর্থায়ন ও প্রাথমিক সহায়তা জুগিয়েছেন এবং দুই দশকের বেশি সময় ধরে সংসার ও সন্তান সামলেছেন। অপরদিকে কওন ও তার প্রতিষ্ঠান দাবি করেছিল, সব প্রাথমিক মূলধন কওনের একার ছিল।
এর আগে এসকে গ্রুপের চেয়ারম্যান চে তায়ে-ওনকে তার সাবেক স্ত্রীকে ৯৪৪ বিলিয়ন ওন দেওয়ার রায়ে কোরিয়ায় রেকর্ড সৃষ্টি হয়েছিল। তবে স্মাইলগেট প্রতিষ্ঠাতার ওপর দেওয়া এই রায় পূর্বের সব রেকর্ডকে দ্বিগুণেরও বেশি ব্যবধানে পেছনে ফেলেছে।
অবশ্য এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে উভয় পক্ষের। স্মাইলগেটের এক মুখপাত্র জানিয়েছেন, শেয়ারহোল্ডারের ব্যক্তিগত আইনি জটিলতা সত্ত্বেও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে।