সৌদি আরব ভ্রমণের বিষয়ে মার্কিন নাগরিকদের জন্য আরোপ করা সতর্কতা হালনাগাদ করা হয়েছে। এখন ‘সতর্কতা লেভেল ৩’ জারি করেছে মার্কিন প্রশাসন। হালনাগাদ সতর্কতায় মার্কিন নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণসংক্রান্ত ওয়েবসাইটে এ সতর্কতা প্রকাশ করা হয়।
বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন এলাকায় মার্কিন নাগরিক ও দেশটির স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে রয়েছে। একইসঙ্গে সৌদি আরবের কিছু অঞ্চলে হামলার আশঙ্কা বাড়ছে বলেও উল্লেখ করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের বিরোধ এবং সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই সতর্কতা হালনাগাদ করেছে।
ইয়েমেন ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য এরই মধ্যে সর্বোচ্চ ‘লেভেল ৪’ সতর্কতা রয়েছে। ওই সতর্কতায় দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। সৌদি আরবের অভিযোগ, হুতিরা মক্কা নগরীর দিকে ড্রোন নিক্ষেপ করেছে। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার শহরটিতে নিরাপত্তা সতর্কতা জারি করে সৌদি সরকার।
২০১৭ সালে সর্বশেষ হুতিরা মক্কায় হামলার চেষ্টা করেছিল। এরপর এবারই প্রথম শহরটিতে এ ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। তবে কয়েক মিনিটের মধ্যেই সতর্কতা প্রত্যাহার করে নেয় সৌদি কর্তৃপক্ষ। একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল তাইফ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দাতেও।
ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘাত শুরু হয় ২০১৫ সালে। এর আগে হুতিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। পরে হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইয়েমেনের সরকারি বাহিনীর পাশে দাঁড়ায় সৌদি আরব।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও ইরান-সংক্রান্ত সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবের সঙ্গে হুতিদের পুরোনো বিরোধও নতুন করে গুরুত্ব পেয়েছে।