ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে সংঘাত আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের ১০টি দেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ভ্রমণে বিরত থাকার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ব্যাহত ও আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে সচেতন থাকতে মার্কিন নাগরিকদের তাগিদ দেওয়া হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাতে এবিসি নিউজ জানায়, শনিবার রাতে এই ভ্রমণ নির্দেশিকা জারি করা হয়। ইসরায়েল, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মতো দেশগুলো এই সতর্কতার আওতায় রয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, “হুতিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে এবং এ সামরিক সংঘাত যেকোনো সময় দ্রুত মারাত্মক রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ইরান ও তাদের সমমনা গোষ্ঠীগুলো বিশ্বের যেকোনো প্রান্তে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান, স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা নাগরিকদের লক্ষ্যবস্তু বানাতে পারে।”
এদিকে লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালির বন্দরনগরী মোখা ও পেরিম দ্বীপ দখলে নিয়ে পুরো লোহিত সাগর উপকূলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে হুতিরা। অন্যদিকে, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় নিজেদের ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন দিয়ে জ্বালানি সরবরাহ স্থগিত করেছে সৌদি আরব। রিয়াদের দাবি, ইরাকের ইরানপন্থী মিলিশিয়ারা এই হামলা চালিয়েছে।
ইয়েমেনের সরকারি বাহিনীকে রক্ষায় সৌদি আরব মিত্রদের সহায়তা চাওয়ায় ইয়েমেন ও ইরানে নতুন মার্কিন হামলার গুঞ্জন তীব্র হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্প ডেভিডে তার ছুটির সময় সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের একদিন আগেই হোয়াইট হাউসে ফিরেছেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনে হামলার সম্ভাব্য উপায়গুলো পর্যালোচনা করতেই ট্রাম্প ক্যাম্প ডেভিডে জরুরি বৈঠক পরিচালনা করেন।
উল্লেখ্য, ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে। ২০২২ সালের জাতিসংঘের যুদ্ধবিরতির পর চলমান এই পরিস্থিতিকে এ যাবতকালের সবচেয়ে বড় সামরিক সংকট হিসেবে দেখছেন বিশ্লেষকরা।