নিউইয়র্কে ভারত-বাংলাদেশ বৈঠকের বিষয়ে যা জানালেন জয়সওয়াল 

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারত ও বাংলাদেশের শীর্ষ পর্যায়ে কোনো বৈঠক নির্ধারিত আছে কি না, সে বিষয়ে এই মুহূর্তে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। 

তবে, বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে ভারত। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সব সমস্যা সমাধানে তারা প্রস্তুত রয়েছে। 

রণধীর জয়সওয়াল বলেন, ‘‘ভারত-বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে আমরা অতীতেও বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী সম্পর্ক চায়। আর আমাদের কাছে বর্তমানে যে কাঠামোগত ব্যবস্থা রয়েছে, তার মাধ্যমেই আমরা সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এটাই আমাদের উদ্দেশ্য।’’ 

উল্লেখ্য, জাতিসংঘের উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সফরে তিনি বেশ কয়েকটি বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।