কর্মীদের নতুন আইফোন উপহার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি প্রতিষ্ঠানের কেরালায় জন্ম নেওয়া ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ। তার স্বামী ও প্রতিষ্ঠানের মালিক নিশাদ হুসাইনকে কর্মীদের হাতে উপহার তুলে দিতে দেখা গেছে একটি ভাইরাল ভিডিওতে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২৫ সেপ্টেম্বর প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়, একটি টেবিলে মোড়ানো কয়েকটি উপহারের বাক্স রাখা হয়েছে। কর্মীরা সেখান থেকে নিজেদের পছন্দমতো বাক্স বেছে নেন। কয়েকজন বাক্স খুলে নতুন আইফোন পেলেও কয়েকজনের ভাগ্যে জোটে চকোলেট।
তবে পরে আরেক কর্মী এসে যাদের বাক্সে শুধু চকোলেট ছিল, তাদেরও আইফোন তুলে দেন। ফলে শুরুতে যারা আইফোন পাননি, তারাও শেষ পর্যন্ত উপহারটি পান।
ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় নিশাদ কর্মীদের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, "ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমি বিশ্বাস করি, প্রকৃত সাফল্য আসে আমাদের কর্মীদের নিষ্ঠা, ইতিবাচক মানসিকতা ও সম্মিলিত শক্তি থেকে। প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি ধারণা এবং প্রতিটি অবদান আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
তিনি কর্মীদের নিজেদের সক্ষমতার ওপর বিশ্বাস রাখা, নতুন সুযোগ কাজে লাগানো এবং একে অন্যকে সহযোগিতা করার আহ্বান জানান।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ আপডেট অনুযায়ী ভিডিওটি ২৪ লাখের বেশি বার দেখা হয়েছে এবং এতে হাজার হাজার মন্তব্য এসেছে।
অনেকেই প্রতিষ্ঠানটির মালিক ও ব্যবস্থাপনার এমন উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার রসিকতা করে জানতে চেয়েছেন, প্রতিষ্ঠানটিতে কোনো পদ খালি আছে কি না। একজন মন্তব্য করেন, "আমার বস বলছেন এটি এআই দিয়ে তৈরি।" আরেকজন লেখেন, "কোনো পদ খালি আছে? আমিও এই কোম্পানিতে যোগ দিতে চাই। রসিকতা বাদ দিলে, এটি সত্যিই একটি সুন্দর উদ্যোগ।"
আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, "আইফোনের জন্য নয়, বরং ব্যবস্থাপনা যেভাবে কর্মীদের সঙ্গে আচরণ করে, সে কারণেই তারা ভাগ্যবান।"