উড়োজাহাজের ভেতর দুই পাইটলের ‘হাতাহাতি’র কারণে সৌদি আরবে জরুরি অবতরণ করেছে দুবাই থেকে তেল আবিবগামী ইসরায়েলের একটি উড়োজাহাজ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরুর প্রায় দুই ঘণ্টা পর এ ঘটনা ঘটে।
বিবিসি বলছে, তেল আবিবের উদ্দেশে যাত্রা শুরুর প্রায় দুই ঘণ্টা পর একটি জরুরি সংকেত পাঠায় বিমানটি। কিছুক্ষণ পরই আবার ওই উড়োজাহাজ থেকেই ছিনতাইয়ের সঙ্কেত পাঠাতে শুরু করে।
কিন্তু কয়েক মিনিট পর আবারও সাধারণ জরুরি সংকেতে ফিরে যায় বিমানটি।
ইসরায়েলি কর্তৃপক্ষ এ প্রসঙ্গে জানায়, দুই পাইলটের মধ্যে ‘সংঘর্ষ’ বা ‘হাতাহাতি’ হয়েছিল। কয়েক মিনিট পর সেটি ছিনতাইয়ের ঘটনা জানানোর জন্য ব্যবহৃত একটি সংকেতে পরিবর্তিত হয়।
ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে বিবিসি বলছে, প্রায় ১৫০ জন আরোহী নিয়ে ফ্লাইট এফজেড১০৭৩ তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণের কথা ছিল। তবে সেটি দেশটির উত্তর-পূর্বাঞ্চলের তাবুক বিমানবন্দরে অবতরণ করে।
তবে ইসরায়েলের বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম অবশ্য বলছে ভিন্ন কথা। তাদের মতে, শুধু হাতাহাতি নয়, এক পাইলট অপর পাইলটকে ছুড়ি দিয়ে আঘাত করেন।
এসময় কেবিন ক্রুরা যাত্রীদের কাছে সহায়তা চান বলে সাংবাদিকদের জানান এক যাত্রী। পরে কয়েকজন যাত্রী মিলে একজন পাইলটকে নিয়ন্ত্রণে আনতে এবং তাকে বেঁধে রাখতে সহায়তা করেন, বলেও জানিয়েছেন ওই যাত্রী।