মার্কিন বাহিনীতে পদ ২০% কমানোর সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রীর 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জেনারেল ও অ্যাডমিরালদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা ২০% কমাবেন বলে পেন্টাগনের এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদসংস্থা আল-জাজিরাকে জানিয়েছেন। 

ওই কর্মকর্তা জানিয়েছেন, এই পরিবর্তনের ফলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ নেতৃত্বে প্রভাব পড়বে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) আল-জাজিরার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ভার্জিনিয়ার মেরিন কোর বেস কোয়ান্টিকো পরিদর্শনের সময় হেগসেথ এই সিদ্ধান্তের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি জুনিয়র অফিসার ও তালিকাভুক্ত সদস্যদের (এনলিস্টেড পার্সোনেল) উদ্দেশ্যে ‘স্টেট অব দ্য ফোর্স’ বা বাহিনীর বর্তমান পরিস্থিতি বিষয়ক ভাষণ দেবেন। 

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোতেও এই পদক্ষেপের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

পেন্টাগনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, হেগসেথ সামরিক বাহিনীর সব শাখাকে নির্দেশ দেবেন যেন ‘ফ্ল্যাগ’ ও ‘জেনারেল’ পদমর্যাদার প্রায় ৮০০ পদের ক্ষেত্রে গত বছর ঘোষিত ১০% ছাঁটাইয়ের হার দ্বিগুণ করা হয়। এর ফলে মোট ছাঁটাইয়ের হার দাঁড়াবে ২০% এবং ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, একের পর এক বরখাস্তের ঘটনা এবং পদোন্নতি আটকে দেওয়ার প্রেক্ষাপটে এই ছাঁটাইয়ের ফলে সামরিক বাহিনীর বর্তমান ও উদীয়মান শত শত শীর্ষ কর্মকর্তার কর্মজীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। 

তবে, এসব বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের কোনও বার্তা পাওয়া যায়নি।