বিমানের ভেতর থেকে যেভাবে গ্রেপ্তার হলেন ককরোচ প্রধান

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। 

শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে বিমানে নয়াদিল্লিতে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ভেতর ধারণ করা ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের নারী সদস্যরা ৩০ বছর বয়সী দীপ, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাসহ সিজেপির অন্য নেতাদের নিয়ে যাচ্ছেন।

এ সময় পুলিশের উদ্দেশে দীপ বলেন, "আমি এখানে গ্রেপ্তার হতে এসেছি। আমাকে গ্রেপ্তার করুন। আমি আপনাদের ভয় পাই না।"

জবাবে পুলিশের এক সদস্য বলেন, "না, এটি কোনো গ্রেপ্তার নয়। স্যার, দয়া করে সহযোগিতা করুন।" এরপর দীপ বলেন, "আমাকে আমার ব্যাগটা নিতে দিন।"

এনডিটিভিকে একাধিক সূত্র জানিয়েছে, সিজেপির ওই তিন নেতাকে আলাদা আলাদা স্থানে নিয়ে যাওয়া হয়েছে। দীপকে গুরুগ্রামের একটি আটক কেন্দ্রে এবং দাস ও রাঙ্কাকে দিল্লির পৃথক স্থানে নেওয়া হয়েছে।

সিজেপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে অনলাইনে গড়ে ওঠা এই যুব আন্দোলন। এক বিবৃতিতে দলটি এ পদক্ষেপকে চলাফেরার স্বাধীনতার লঙ্ঘন বলে অভিহিত করেছে। একই সঙ্গে তিন নেতার অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে তারা।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ভোটার নিবন্ধনের ফরম ৬-সংক্রান্ত পরিবর্তনের সময় ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি।

সিজেপির দাবি, শনিবারের বিক্ষোভের আগে ভারতের রাজধানীসহ বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দলের অভিযোগ, শীর্ষ নেতাদের পাশাপাশি কর্মী-সমর্থকদেরও আটক করছে পুলিশ।

বিক্ষোভ ঘিরে দেশটিতে শত শত ট্রেনের চলাচল বাতিল এবং বেশ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লিতে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দেরিতে আবেদন জমা দেওয়া এবং আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগে সিজেপির কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভের মাত্র তিন দিন আগে, গত ৭ অক্টোবর অনুমতির আবেদন জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, এ ধরনের আবেদন অন্তত ১০ দিন আগে জমা দিতে হয়।