যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বন্দুক হামলা, শিশুসহ নিহত ১৪

যুক্তরাষ্ট্রের দুই রাজ্যের আবাসিক এলাকায় পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহর এবং জর্জিয়ার ডগলাসে এসব ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পেনসিলভানিয়ার ইরি শহরের একটি বাড়িতে শুক্রবার ৪৫ বছর বয়সী এক বন্দুকধারী হামলা চালান। এতে অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ আটজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই বন্দুকধারী নিজেকে গুলি করেন।

ইরি শহরের পুলিশপ্রধান রিক লোরা জানান, নিহত আটজন একই পরিবারের সদস্য। এছাড়া তাদের এক পারিবারিক বন্ধুও নিহত হয়েছেন। বন্দুকধারী বাড়ির ভেতরে হামলা চালানোর পর বাইরে এসে আরও দুই নারীকে গুলি করেন। ওই দুই নারী বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের সহায়তা চাইতে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, বাড়িটির দ্বিতীয় তলা থেকে বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

অন্যদিকে, জর্জিয়ার ডগলাস শহরের একটি আবাসিক ভবনে শুক্রবার রাতে পৃথক বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে কারা হামলার সঙ্গে জড়িত, তা এখনও জানা যায়নি।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪০০টির বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে।