মুক্তি পেয়েই মোদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সিজেপি প্রধানের

আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, ‌‌‘‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। ভারত এর আগে এত বড় ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ দেখেনি বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন দীপকে। শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে উড়োজাহাজের ভেতর থেকে তাকে আটক করে দিল্লি পুলিশ। পরে আদালতের নির্দেশে মুক্তি পান তিনি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি পৌঁছান অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকে তাদের আটক করা হয়।

রবিবার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর দীপকে, রাঙ্কা ও সৌরভ দাসকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়।

দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের পরও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। রবিবার স্থানীয় সময় বেলা ২টায় দলটির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

অভিজিৎ দীপকে আটক হওয়ার পর সিজেপির নেতৃত্বের দায়িত্ব পাওয়া অজিঙ্ক্য শিন্ডে বলেন, আন্দোলন থেকে সরে আসার কোনো প্রশ্নই আসে না। আবারও যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা করবেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলেও জানান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে প্রায় ৭ হাজার মানুষকে আটক করা হয়।