সিজেপি: মোদি সরকারের ঘণ্টা বেজে গেছে, পতন আসন্ন 

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তারা বলেছেন, ‘‘লড়াই থামবে না। এই সরকারের ঘণ্টা বেজে গেছে, পতন আসন্ন।’’ 

রবিবার (১১ অক্টোবর) দুপুরে পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়ে সিজেপির যুগ্ম আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় সংবাদ সম্মেলন করেন। 

এসময় তারা ঘোষণা দেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। শুধু দিল্লিতেই নয়, আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। 

এর আগে, গত শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকে সিজেপির তিন নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করা হয়। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে এক বছরের জন্য শান্তিভঙ্গ না করার শর্তে মুক্তি দেওয়া হয়।

তবে মুক্তি পাওয়ার পরই সিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, তারা এমন কোনো অঙ্গীকারনামায় সই করেনি যাতে ভবিষ্যতে প্রতিবাদ না করার কথা বলা হয়েছে। 

এদিকে, বিক্ষোভ ঘিরে দিল্লি জুড়ে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়, দিল্লি মেট্রোর বহু স্টেশন বন্ধ রাখা হয় এবং শত শত ট্রেন বাতিল করা হয়।