দিল্লির যন্তর মন্তর নিয়ে ভারত সরকারের বড় সিদ্ধান্ত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ও সমাবেশ আয়োজনের নির্ধারিত স্থান হিসেবে যন্তর মন্তরকে তালিকা থেকে বাদ দিয়েছে দিল্লি পুলিশ। এর পরিবর্তে বিক্ষোভ ও সমাবেশের জন্য তিনটি নতুন স্থান নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমারের জারি করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত স্থানগুলো হলো মধ্য দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড। এসব স্থানে বিক্ষোভ ও সমাবেশ আয়োজনের নিয়মকানুন নিয়ে সংশোধিত নির্দেশনা পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিকেরা যাতে বিক্ষোভ ও সমাবেশ আয়োজনের অধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য বিকল্প উপযুক্ত স্থান নির্ধারণের বিষয়টি পর্যালোচনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২২ সালের ২৮ এপ্রিল জারি করা পুলিশের একটি নির্দেশনায় বিক্ষোভ আয়োজনের স্থান ও নিয়মকানুন নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে ওই নির্দেশনার কিছু অংশ সংশোধন করা হয়েছে।

এদিকে, ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতির মধ্যেই বিক্ষোভ ও সমাবেশের নির্ধারিত স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ।