পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ জনের মৃত্যু

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক। 

লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম এক বিবৃতিতে হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহত ১৭ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিক্ষার্থীদের সবার বয়স ১৩ বছর বা তার কম।

পাকিস্তানের সংবাদপত্র ডনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনারের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্লাস চলার সময় শ্রেণিকক্ষের ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপ সরিয়ে শিশুদের উদ্ধারে এখনও কাজ চলছে। 

পাকিস্তানে ভবন বা ছাদ ধসের ঘটনা প্রায়ই ঘটে। দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

গত জুলাইয়ে উমরকোটের কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরের দেয়ালের একাংশ ধসে ৩ থেকে ১৩ বছর বয়সী তিন শিশু মারা যায়। একই মাসে লাহোরের বাঘবানপুরা এলাকায় একটি নির্মাণাধীন বেসরকারি স্কুলের ছাদ ধসে এক শিশু নিহত হয়। আহত হয় অন্তত পাঁচজন।

এর আগে জুনে লাহোরের কাহনা এলাকায় একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু হয়। এর দুই মাসেরও কম সময় আগে ডেরা গাজী খান এলাকায় একটি বেসরকারি স্কুলের শ্রেণিকক্ষের ছাদ ধসে চার শিশু নিহত ও ২০ জন আহত হয়েছিল।