এআইয়ের কারণে যে তিন পেশা কখনো হারিয়ে যাবে না

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতিতে আগামী কয়েক বছরে অনেক পেশা বিলুপ্ত হতে পারে এবং বিভিন্ন শিল্পে মানুষের কাজ স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপিত হতে পারে। তবে প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটসের মতে, এর মধ্যেও এমন তিনটি পেশা রয়েছে, যেগুলো অদূর ভবিষ্যতে টিকে থাকতে পারে। পেশাগুলো হলো: কোডিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, জ্বালানি খাতের বিশেষজ্ঞ এবং জীববিজ্ঞানী।

সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এআইয়ের প্রভাব নিয়ে গেটসের এই ধারণার কথা তুলে ধরা হয়েছে। তবে তিনি নিজের এই ভবিষ্যদ্বাণীকে চূড়ান্ত বা নির্ভুল বলে মনে করছেন না।

কোডার বা সফটওয়্যার ডেভেলপার
এআই দিয়ে কোড লেখা সম্ভব হলেও জটিল সফটওয়্যার তৈরির ক্ষেত্রে সমস্যা সমাধানের দক্ষতা এখনো গুরুত্বপূর্ণ। গেটসের মতে, কোডের ত্রুটি শনাক্ত ও সংশোধন, সফটওয়্যারের উন্নয়ন এবং এআই প্রযুক্তির বিকাশে মানব প্রোগ্রামারদের ভূমিকা অপরিহার্য থাকবে।

জ্বালানি বিশেষজ্ঞ
তেল, পারমাণবিক শক্তি ও নবায়নযোগ্য জ্বালানির মতো খাতগুলো পরিচালনায় বিশেষজ্ঞদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এআই তথ্য বিশ্লেষণ ও কাজের দক্ষতা বাড়াতে সহায়তা করতে পারে। তবে জটিল সিদ্ধান্ত গ্রহণ এবং সংকট মোকাবিলায় মানুষের অভিজ্ঞতা ও বিচারবুদ্ধির প্রয়োজন থাকবে বলে মনে করেন গেটস।

জীববিজ্ঞানী
চিকিৎসা গবেষণা ও বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে জীববিজ্ঞানীদের সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি এবং সমালোচনামূলক চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ। এআই বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ এবং রোগ নির্ণয়ে সহায়তা করতে পারলেও নতুন ধারণা তৈরি ও মৌলিক গবেষণায় মানুষের ভূমিকা এখনো গুরুত্বপূর্ণ বলে মনে করেন গেটস। তাঁর মতে, এ ক্ষেত্রে এআই গবেষকদের সহায়ক হাতিয়ার হিসেবে কাজ করবে, তাঁদের পুরোপুরি প্রতিস্থাপন করবে না।

তবে এআইয়ের প্রভাব ভবিষ্যতে আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন গেটস। শিল্পবিপ্লব ও ইন্টারনেটের মতোই এআই মানুষের কাজের ধরন বদলে দেবে। একই সঙ্গে কর্মক্ষেত্রে কোন দক্ষতার মূল্য বেশি থাকবে, তা নতুন করে নির্ধারিত হবে।