নারী টিভি উপস্থাপককে গুলি করে হত্যা

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়ি থেকে দেশটির বেসরকারি এক টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।  

উপস্থাপক রাবিয়া আহসান হত্যাকাণ্ডের এই ঘটনায় তার স্বামী আহসান তাহিরকে হেফাজতে নিয়েছে পুলিশ এবং জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। 

রবিবার (৮ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৪১ বছর বয়সী রাবিয়াকে রবিবার স্থানীয় সময় বিকাল ৩ টার দিকে নিজ ঘরে গুলি চালিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় একই বাড়িতে থাকা তার মা ও বোন ঘরের বাইরে অবস্থান করছিলেন। গুলির শব্দ শুনে রাবিয়ার বোন আলভিনা দ্রুত শোবার ঘরে ছুটে যান এবং রাবিয়াকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার স্বামীর হাতে একটি পিস্তল ছিল। 

পরে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ জানায়, নিহতের ঘাড়ের নিচে এবং পিঠের ডান দিকে গুলির ক্ষতচিহ্ন রয়েছে। পাঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটি (পিএফএসএ) ঘটনাস্থল থেকে পয়েন্ট ৩০ বোরের একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে। 

ডনের প্রতিবেদনে আরও বলা হয়, আহসানের বাড়ির এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানিয়েছেন যে, দুর্ঘটনাবশত গুলি লাগার কথা দাবি করেছেন তাহির। তবে জিজ্ঞাসাবাদে তাহির পিস্তলের কোনো বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি। 

এই ঘটনায় পাকিস্তান দণ্ডবিধির (পিপিসি) ৩০২ ধারায় একটি হত্যা মামলা করা হয়েছে।