জাতিসংঘের পক্ষ থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে ঘোষণার পর এবারের বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ৩১) দেশগুলো কীভাবে এই বাস্তবতা মোকাবিলা করবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত এক দশক ধরে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব এড়াতে বিশ্বের দেশগুলো এই সীমা অতিক্রম না করার অঙ্গীকার করেছিল।
প্রাক্-শিল্প যুগের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা ইতোমধ্যেই প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
গত সেপ্টেম্বরে জাতিসংঘ জানায়, প্যারিস জলবায়ু চুক্তির সবচেয়ে উচ্চাভিলাষী লক্ষ্য হিসেবে নির্ধারিত ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করা এখন আসন্ন এবং তা এড়ানো প্রায় অসম্ভব।
তবে তুরস্কে চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনের আলোচনা মাঝপথে পৌঁছালেও কিছু দেশ এখনও ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য ধরে রাখার পক্ষে অনড় রয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউয়ের প্রেসিডেন্ট সুরাঙ্গেল হুইপস জুনিয়র বলেন, “সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে তার দেশ হুমকির মুখে রয়েছে। তাই ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য তাদের কাছে নিছক কোনো তাত্ত্বিক বিষয় নয়।”
সম্মেলনের আলোচনা পরিচালনার দায়িত্বে থাকা অস্ট্রেলিয়া প্রকাশিত আলোচনার অবস্থানসংক্রান্ত এক সারসংক্ষেপে বলা হয়েছে, কয়েকটি দেশ কপ৩১-এর চূড়ান্ত ঘোষণায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যকে এখনো সঠিক লক্ষ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে।
পাশাপাশি যত দ্রুত সম্ভব তাপমাত্রা বৃদ্ধিকে আবার ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমায় ফিরিয়ে আনার বিষয়টি চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করারও দাবি উঠেছে। এমনকি এই সীমা অতিক্রম করার পরও বৈশ্বিক তাপমাত্রা কমিয়ে আনা সম্ভব—এমন বক্তব্য অন্তর্ভুক্ত করার পক্ষে রয়েছে কিছু দেশ।
তবে ব্যক্তিগত পর্যায়ের আলোচনায় কয়েকটি দেশের প্রতিনিধিরা এই লক্ষ্য অর্জনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করছেন। তারপরও জলবায়ু উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ যত দ্রুত সম্ভব কমানোর ক্ষেত্রে ১.৫ ডিগ্রির লক্ষ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করায়, তারা এটি পুরোপুরি বাদ দিতে চাইছেন না।
জলবায়ু পদক্ষেপে পিছিয়ে পড়ার শঙ্কা
অন্যদিকে, চলমান রুদ্ধদ্বার আলোচনার কয়েকজন পর্যবেক্ষক এএফপিকে জানিয়েছেন, কিছু দেশ ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য বাদ দেওয়ার সুযোগ খুঁজছে। এর মধ্যে রয়েছে আরব গ্রুপ ও সমমনা উন্নয়নশীল দেশগুলো। সৌদি আরব ও ভারতসহ কয়েকটি উদীয়মান অর্থনীতির দেশ এসব আলোচনাকারী জোটের সদস্য।
পশ্চিমা একটি দেশের জ্যেষ্ঠ প্রতিনিধি সতর্ক করে বলেছেন, কপ-৩১ সম্মেলনে এসব প্রচেষ্টা সফল হলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার বৈশ্বিক উদ্যোগ পিছিয়ে পড়তে পারে।
আন্তালিয়ায় গ্রিনপিসের প্রতিনিধি দলের প্রধান জ্যাসপার ইনভেন্টর বলেন, “কয়েকটি উন্নয়নশীল দেশ আশঙ্কা করছে, ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যের ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হলে অতিরিক্ত আর্থিক সহায়তা ছাড়াই তাদের ওপর কার্বন নিঃসরণ কমানোর চাপ বাড়তে পারে।”
বৃহস্পতিবার প্রকাশিত আলোচনার অগ্রাধিকারসংক্রান্ত তালিকায় কয়েকটি দেশ ‘গ্রে লিটারেচার’ বা প্রচলিত গবেষণা সাময়িকী ও আনুষ্ঠানিক প্রকাশনার বাইরে প্রকাশিত গবেষণা ও প্রতিবেদন গ্রহণ না করার আহ্বান জানিয়েছে।
পর্যবেক্ষকদের ধারণা, এর মাধ্যমে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) কিছু গবেষণাকে পরোক্ষভাবে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে।
গত সেপ্টেম্বরে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এ বিষয়ে প্রথমবারের মতো একটি গবেষণা প্রকাশ করে। এতে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বৃদ্ধির সীমা অতিক্রম করার পরও ২১০০ সালের মধ্যে কীভাবে বৈশ্বিক তাপমাত্রা আবার সেই সীমায় ফিরিয়ে আনা সম্ভব, তা নিয়ে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে।
অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্য
প্যারিস জলবায়ু চুক্তির আওতায় বিশ্বের প্রায় ২০০টি দেশ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখার পাশাপাশি তা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছিল।
তবে চুক্তি স্বাক্ষরের পর জলবায়ু পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক গবেষণা ও প্রমাণ যত শক্তিশালী হয়েছে, ১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য অর্জনের গুরুত্বও তত বেড়েছে।
বিজ্ঞানীদের মতে, তাপমাত্রা এই সীমা অতিক্রম করলে বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি দ্রুত বাড়বে। এর ফলে আরও ভয়াবহ বন্যা ও তাপপ্রবাহ দেখা দিতে পারে।
তবে তাপমাত্রা একবার ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার পর আবার সেই সীমায় ফিরিয়ে আনা কতটা সম্ভব, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন এক্সেটার বিশ্ববিদ্যালয়ের জলবায়ুবিজ্ঞানী ও গুরুত্বপূর্ণ গবেষণা ‘গ্লোবাল কার্বন বাজেট’-এর প্রধান লেখক পিয়েরে ফ্রিডলিংস্টাইন।
তিনি বলেন, “এই লক্ষ্য অর্জন করতে হলে একদিকে দ্রুত গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে হবে, অন্যদিকে বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণ করতে হবে। গাছ লাগানো ও জলাভূমি পুনরুদ্ধারের মতো প্রাকৃতিক পদ্ধতির পাশাপাশি নতুন প্রযুক্তির মাধ্যমেও বায়ুমণ্ডল থেকে কার্বন অপসারণ করতে হবে।”