ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারীদের ক্লাস থেকে পুরুষ শিক্ষক বাদ, প্রতিবাদ ছাত্রীদের 

দক্ষিণ ইরাকের একটি বিশ্ববিদ্যালয়ে পুরুষ অধ্যাপকদের ক্লাস থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় শত শত নারী শিক্ষার্থী প্রতিবাদ জানিয়েছেন। আন্দোলনকারীরা ইরাকের এই পদক্ষেপকে তালেবান-শৈলীর লিঙ্গভিত্তিক পৃথকীকরণের সঙ্গে তুলনা করেছেন। 

শুক্রবার (২০ নভেম্বর) ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, আল-কাদিসিয়াহ বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০০ জন নারী প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তাদের অধ্যাপকদের পুনরায় কাজে বহাল করার দাবি জানিয়েছেন। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নারী শিক্ষার্থীদের পরিবারের অনুরোধেই তারা নারী ও পুরুষের ‘মিশ্রণ রোধ’ করতে এই পদক্ষেপ নিয়েছে। 

শিক্ষার্থীরা দ্য গার্ডিয়ান এর প্রতিবেদককে জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে তাদের স্নাতক পর্যায়ের প্রকল্প ও গবেষণাকাজ ব্যাহত হয়েছে। এই পর্যায়ে এসে তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) পরিবর্তন করা হলে তাদের কাজ সম্পন্ন করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। 

নারী শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বলেছে-যদি তারা এই পরিবর্তনের বিরোধিতা করেন, তবে যেন তারা পড়াশোনা ছেড়ে দেন। 

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইরাকি-ব্রিটিশ নারীবাদী গবেষক বালসাম মুস্তফা ‘দ্য গার্ডিয়ান’-কে বলেন, ‘‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করেছে ‘যেন তারা নাবালক; অথচ তাদের শিক্ষাজীবনের ওপর প্রভাব ফেলে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর অধিকারও তাদের নেই।’’ 

আফগানিস্তানে নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা 

ইরাকের এই বিশ্ববিদ্যালয়ে লিঙ্গভিত্তিক পৃথকীকরণ নিয়ে সৃষ্ট বিতর্কটি আফগানিস্তানের পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। আফগানিস্তানে তালেবান সরকার নারীদের শিক্ষার ওপর দেশজুড়ে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। 

২০২১ সালের আগস্ট মাসে ক্ষমতায় ফেরার পর তালেবান মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয় এবং পরবর্তীতে এই নিষেধাজ্ঞা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রসারিত করে।