জাতীয় পর্যায়ের পরীক্ষায় নকল করার ঘটনা নিয়ে তোলপাড়ের জেরে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।
রবিবার (২২ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, গত সপ্তাহে জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক (ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট) যোগ্যতা নির্ধারণী পরীক্ষায় নকল করে এক শিক্ষার্থীর প্রথম স্থান অর্জনের খবর সামনে আসে। পরীক্ষায় ওই শিক্ষার্থী প্রায় পূর্ণ নম্বর পান এবং পরে পরীক্ষার হলে ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহারের কথা স্বীকার করেন।
দেশটির গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনুং’ অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে এ ঘটনা ঘটে। এরপর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকলের আশঙ্কা জোরালো হয়ে ওঠে। ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নকল ঠেকাতে তড়িঘড়ি করে একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ; যার মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলোতে ওয়াইফাই সংযোগ বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপও ছিল।
তবে এসব পদক্ষেপেও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে ব্যর্থ হন শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। শিক্ষক ইউনিয়নগুলো অভিযোগ করে, এমন ঘটনার পরও সময়মতো উপযুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেরি করেছে সরকার।
বছরে একবার অনুষ্ঠিত আট ঘণ্টার ‘সুনুং’ পরীক্ষার ফলাফলের ওপর শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ভর করে। বৃহস্পতিবার পরীক্ষা শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চোই লেখেন, বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তিনি আরও যোগ করেন, পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, তাই তিনি এই ঘটনার পুরো দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করছেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে যে, চোইয়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং।