জানালা বন্ধ করে সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রের আইওয়া ছাড়ছেন বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ছোট্ট শহর মিডলটাউনের বাসিন্দাদের মধ্যে এখন তীব্র আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে। শহরের পাশেই অবস্থিত আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে জমে থাকা প্রায় ৫ টন বিপজ্জনক বিস্ফোরক নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার প্রস্তুতি নিয়েছে মার্কিন সেনাবাহিনী। 

বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকালে (বাংলাদেশ সময় রাতে) এই বিস্ফোরণ ঘটানোর কথা রয়েছে।

বিস্ফোরণের পর বাতাসে সিসাযুক্ত বিষাক্ত ধূলিকণা ছড়িয়ে পড়ার আশঙ্কায় শহরটির বাসিন্দারা বাড়ির দরজা-জানালার ফাঁক টেপ দিয়ে বন্ধ করছেন, বাইরের আসবাবপত্র ভেতরে সরিয়ে নিচ্ছেন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে রাখছেন। শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্যঝুঁকির কথা ভেবে ইতিমধ্যে অনেকেই শহর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা অ্যালেক প্যাটারসন এবিসি নিউজকে জানান, তার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় অনাগত সন্তান ও স্ত্রীর নিরাপত্তার কথা ভেবে তারা এলাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বাড়ির দরজা-জানালায় রং করার টেপ লাগিয়েছেন এবং আসবাবপত্র একটি আলাদা ভবনে বন্ধ করে রেখেছেন। আরেক বাসিন্দা এমালিন বেক পারিবারিক ছবি ও জরুরি নথি সরিয়ে রাখছেন, যাতে সেগুলোতে বিষাক্ত ধূলিকণা না লাগে। তবে সিন্ডি বাউমের মতো কিছু বাসিন্দা চান, বিস্ফোরণের কাজ দ্রুত শেষ হয়ে শহরের জীবনযাত্রা স্বাভাবিক হোক।

সেনাবাহিনী জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ১৯ হাজার একরজুড়ে বিস্তৃত ওই কারখানায় ৬৮টি ব্যারেলে রাখা ‘সিসা অ্যাজাইড’ (Lead Azide) নামের অত্যন্ত সংবেদনশীল বিস্ফোরক নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করা হবে। সামরিক গোলাবারুদ বিস্ফোরণের প্রক্রিয়া শুরু করতে ব্যবহৃত এই রাসায়নিকটি কয়েক দশক ধরে সেখানে সংরক্ষিত ছিল। দীর্ঘদিন পড়ে থাকায় ব্যারেলের ভেতরে পদার্থটি দানাদার বা স্ফটিকের মতো জমাট বেঁধে অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়েছে। সামান্য ঘর্ষণ, ঝাঁকুনি বা তাপমাত্রার পরিবর্তনেই এটি যেকোনো মুহূর্তে অনিয়ন্ত্রিতভাবে বিস্ফোরিত হতে পারে।

সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী, মাটি ও কংক্রিটের স্তরের নিচে রাখা বিস্ফোরকগুলো সেখানেই ধ্বংস করা হবে। তবে এতে সিসাযুক্ত ধূলিকণা বাতাসে ছড়িয়ে আশপাশের এলাকা, ভূগর্ভস্থ পানি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞ ও স্থানীয়রা।

বিস্ফোরণ ঠেকাতে পরিবেশবাদী সংগঠন ‘আইওয়া এনভায়রনমেন্টাল কাউন্সিল’ ও ‘সিয়েরা ক্লাব’ আদালতের দ্বারস্থ হয়েছিল। শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা নেই দাবি করে তারা জরুরি আবেদন করলেও গত সোমবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত তা খারিজ করে দেন। ফলে বিস্ফোরণের পথে সব আইনি বাধা কেটে যায়।

এর আগে বিস্ফোরণ ছাড়াই রাসায়নিক পদ্ধতিতে গোলাবারুদ নিষ্ক্রিয় করতে গত মার্চে জর্জিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘মুনিরেম এনভায়রনমেন্টাল’-এর সঙ্গে চুক্তি করেছিল সেনাবাহিনী। তবে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে দুই মাস পর তা বাতিল করা হয়। ভারপ্রাপ্ত আর্মি সেক্রেটারি অ্যাডাম টেলে ও সামরিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে নিয়ন্ত্রিত বিস্ফোরণই সবচেয়ে নিরাপদ উপায়।

পরিবেশবাদীদের আপত্তির জবাবে মার্কিন সরকার জানিয়েছে, বিস্ফোরণে সিসার ধূলিকণা ছড়ানোর বিষয়টি তারা অস্বীকার করছে না। তবে নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটালে এই ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখা সম্ভব; অন্যথায় যেকোনো মুহূর্তে সতর্কতা ছাড়াই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

বিস্ফোরণের আগে ও পরে বাসিন্দাদের সুরক্ষায় ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা (ফেমা) কারখানার দক্ষিণ-পশ্চিমে ৫ মাইল এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। অন্যদের ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে বাইরের বাতাস প্রবেশ বন্ধ রাখতে এবং শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের বিশেষ সতর্কতায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্ফোরণের আগে, চলাকালীন ও পরে সেনাবাহিনী এবং পরিবেশ সুরক্ষা সংস্থার কর্মীরা বাতাস, মাটি ও পানির নমুনা পরীক্ষা করবেন এবং ধূলিকণা ছড়িয়ে পড়ার সম্ভাব্য এলাকার মানচিত্র প্রকাশ করবেন।