করোনাভাইরাসের ওমিক্রন ধরনের বিরুদ্ধে সুরক্ষা দিতে এবং অসুস্থতার মাত্রা কমাতে টিকার বুস্টার ডোজ কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি)।
শুক্রবার (২১ জানুয়ারি) যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বিকেলে সিডিসির করা এ সংক্রান্ত তিনটি গবেষণার ফল প্রকাশ করা হয়। এই তিন গবেষণা থেকে জানা যায়, করোনাভাইরাসের বুস্টার ডোজ নেওয়া ব্যক্তিরা ওমিক্রন থেকে দ্রুত সুস্থ হয়ে উঠেছে।
মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এর আগে জার্মানি, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্যের করা বিভিন্ন গবেষণায় জানা যায়, প্রচলিত টিকাগুলো করোনাভাইরাসের অন্যান্য ধরনের তুলনায় ওমিক্রনের বিরুদ্ধে কম কার্যকর। তবে, এটিও ঠিক যে দুই ডোজ টিকা ও বুস্টার ডোজ নেওয়া লোকেরা করোনাভাইরাসের বিরুদ্ধে ভালোভাবে লড়াই করতে পারছে এবয় খুব দ্রুতই তাদের শরীরে অ্যান্টিবডি পুনরুদ্ধার হচ্ছে।
সিডিসির করা প্রথম গবেষণায় আগস্ট থেকে জানুয়ারি মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যের হাসপাতালে ভর্তি এবং জরুরি ইউনিটে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের ওপর পরিচালিত হয়েছে।
এই গবেষণায় বিশেষজ্ঞেরা শুধু সংক্রমণই নয়, গুরুতর রোগ প্রতিরোধের ওপরও জোর দিয়েছেন। সেই হিসেবে আশাপ্রদ খবর হলো টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে অন্তত ৯০ শতাংশ কার্যকরী।
দ্বিতীয় গবেষণাটি এপ্রিলের শুরু থেকে ডিসেম্বরে বড়দিন পর্যন্ত ২৫টি রাজ্যে করোনাভাইরাস শনাক্ত ও মৃত্যুর হারের ওপর করা হয়েছে।
সিডিসি গবেষকদের নেতৃত্বে, যুক্তরাষ্ট্র মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নাল তৃতীয় গবেষণাটি প্রকাশ করেছে। এটি ১০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে চার হাজার ৬০০টিরও বেশি করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্রে আগত লোকদের ওপর করা হয়েছে।
এ গবেষণায় দেখা যায়, ফাইজার ও মডার্না টিকার তিনটি ডোজ ওমিক্রনের বিরুদ্ধে টিকা না দেওয়া মানুষের তুলনায় প্রায় ৬৭% কার্যকর ছিল।