বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রখ মার্ক ক্রিস্চিয়ান কাবোরকে আটক করেছে দেশটির বিদ্রোহী সেনারা। সোমবার (২৪ জানুয়ারি) রাজধানীর সামরিক ক্যাম্পের অজ্ঞাত স্থানে তাকে আটকে রাখার খবর দিয়েছে চারটি নিরাপত্তা সূত্র এবং পশ্চিম আফ্রিকার একজন কূটনীতিক।
তবে প্রেসিডেন্টকে কোথায় আটকে রাখা হয়েছে তা স্পষ্ট করেনি বিদ্রোহী সেনারা।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আইমি বার্থেলেমি সিম্পো টেলিভিশনে ভাষণে অভ্যুত্থান ও প্রেসিডেন্ট আটকের খবরকে গুজব বলে উড়িয়ে দেওয়ার মধ্যেই এমন খবর এলো।
এর আগে, রবিবার বুরকিনা ফাসোর রাজধানীর দুটি সামরিক ঘাঁটিসহ একাধিক জায়গায় গোলাগুলির খবর পাওয়া যায়। তবে অভ্যুত্থানের খবর নাকচ করে দেয় দেশটির সরকার।
উল্লেখ্য, সম্প্রতি পশ্চিম আফ্রিকার এই দেশটিতে জঙ্গিরা কিছুদিন পরপরই বেসামরিক ও সেনাদের হত্যা করছিল। এতে দেশজুড়ে হতাশা ছড়িয়ে পড়ে। এসব জঙ্গিদের কোনো কোনো অংশের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সম্পর্ক আছে।
এ প্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিবাদকারীরা রবিববার রাস্তায় বের হয়ে এসে বিদ্রোহীদের প্রতি সমর্থন জানায় ও প্রেসিডেন্ট কাবোরের রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে তছনছ করে। এরপর সরকার রাত ২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত কারফিউ জারি করে দুই দিনের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করে।