ওমিক্রন প্রতিরোধে করোনাভাইরাসের আলাদা একটি বুস্টার ডোজ নিয়ে গবেষণা করে আসছিল মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না। এবার তারা ডোজটির পরীক্ষামূলক প্রয়োগের কথা জানিয়েছে। বুধবার মডার্নার পক্ষ থেকে এমন ঘোষণা আসে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মডার্নার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ডোজটি প্রাপ্তবয়স্ক ৬০০ জনের ওপর পরীক্ষা করা হবে। তাদের মধ্যে অর্ধেক কমপক্ষে ৬ মাস আগে মডার্নার কোভিড ডোজ নিয়েছেন। বাকিরা এই দুই ডোজের পাশাপাশি মডার্নার অনুমোদন পাওয়া বুস্টার ডোজও নিয়েছেন।
মডার্না বলছে, টিকাটি তৃতীয় এবং চতুর্থ ডোজে কতোটা কার্যকর সেটি এই পরীক্ষামূলক প্রয়োগে খতিয়ে দেখা হবে। বর্তমানে বাজারে প্রচলিত মডার্নার বুস্টার ডোজটি ওমিক্রনের বিরুদ্ধে বেশ কাজে দিচ্ছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
এদিকে, করোনাভাইরাসে সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যে অনেকে দেশে প্রচলিত টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মারাত্মক শারীরিক জটিলতা এবং মৃত্যু রুখে দিতে বেশ কার্যকর কোভিডের এই বাড়তি ডোজ।