ভারি বৃষ্টির পর ভূসিধস ও বন্যায় ব্রাজিলে নিহত ১৯

ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূসিধস ও বন্যায় ব্রাজিলের সাউ পাউলো রাজ্যে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। 

গত শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে এ পর্যন্ত নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে রাজ্যের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এসব ঘটনায় আরও নয় জন আহত এবং আরও পাঁচ জন নিখোঁজ রয়েছে। এছাড়া রাজ্যটিতে প্রায় পাঁচ শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

রবিবার বন্যা কবলিত অঞ্চল আকাশপথে পরিদর্শন শেষে সাউ পাউলোর গভর্নর জোয়াও ডোরিয়া জানান, আক্রান্ত শহরগুলোতে জরুরি ত্রাণ কাজ চালাতে দেড় কোটি স্থানীয় মুদ্রা বরাদ্দ করা হয়েছে।

বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে রয়েছে আরুজা, ফ্রান্সিসকো মোরাতো, এমবু দাস আর্তেস এবং ফ্রাঙ্কো ডা রোচা। এছাড়া ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে ভার্জিয়া পাউলিস্তা, ক্যাম্পো লিম্পো পাউলিস্তা, জাউ, কাপিভারি, মোন্তেমোর এবং রাফার্ড এলাকা।

উল্লেখ্য, উত্তরপূর্ব ব্রাজিলে, ডিসেম্বর থেকে ভারি বৃষ্টিপাতে প্রাণঘাতী বন্যা দেখা দেয়। এতে মধ্যপশ্চিম এলাকার ফসল তোলা বিলম্বিত হয়ে পড়েছে। এছাড়া বৃষ্টিপাতের কারণে মিনাস জেরাইস রাজ্যে খনি কার্যক্রম বন্ধ করে দিতে হয়েছে।