কানাডায় গোলাগুলিতে বন্দুকধারীসহ নিহত ৩

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে গোলাগুলিতে তিন জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দেশটির ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভারের শহরতলী ল্যাংলি শহরে মধ্যরাতের দিকে গুলিবর্ষণ শুরু হয়। এ সময় চারজন গুলিবিদ্ধ হন। ধারণা করা হচ্ছে, একজন পুরুষ বন্দুকধারী একাই গুলি চালিয়েছেন। ঘটনার পর দুই পুরুষকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় আহত এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ আরও জানায়, বন্দুকধারীকে আহত অবস্থায় পাওয়া যায়, পরে তিনিও মারা যান।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) আঞ্চলিক প্রধান সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি  এক সংবাদ সম্মেলনে বলেন, “বন্দুকধারী একাই এ হামলা চালিয়েছে নাকি তার সঙ্গে আরও কেউ সংশ্লিষ্ট ছিল, তা বের করার জন্য তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে হামলায় আর কেউ জড়িত ছিল না। তাছাড়া, জননিরাপত্তার নিয়ে এখন আর কোনো আশঙ্কা নেই। 

ল্যাংলি শহরের অন্তত পাঁচটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এলাকার একটি ক্যাসিনোর পার্কিং লট এবং একটি বাস স্টপেজসহ বেশ কয়েকটি জায়গা থেকে সাধারণ মানুষকে দূরে থাকতে নির্দেশনা দিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ ইতোমধ্যে সবাইকে সাবধান করে সতর্কতা জারি করেছে।

পুলিশের ধারণা, গৃহহীনদের লক্ষ্য করে গোলাগুলি করা হয়েছে। আরসিএমপির তদন্ত দলের সার্জেন্ট ডেভিড লি এবং অন্যান্য কর্মকর্তারা এ বিষয়ে কোনো কিছু নিশ্চিত করেননি। হামলাকারী ও নিহত ব্যক্তিদের শনাক্ত করা হলেও পুলিশ তাদের কোনো তথ্য প্রকাশ করেনি।