কার মাথায় উঠবে কোহিনুর?

বিখ্যাত হীরা কোহিনুর কার মুকুটে শোভা পাবে? ব্রিটেনের সংবাদপত্র ডেইলি মেল বলছে, চার্লস যখন রাজা হবেন, তখন তা ক্যামিলার মাথার মুকুটে শোভা পাবে।

বিশ্ববিখ্যাত কোহিনুর টাওয়ার অফ লন্ডনের সংগ্রহশালায় রাখা থাকে। কোহিনুরের পাশাপাশি অনেকগুলো হীরা সেখানে দেখতে পান দর্শকরা। কিন্তু ইতিহাস ও সৌন্দর্য মিশিয়ে কোহিনুরের আবেদন আলাদা।

সদ্যপ্রয়াত রানি এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জের অভিষেকের সময় তৈরি করা হয়েছিল প্লাটিনামের রাজমুকুট। তাতে বসানো হয় কোহিনুর। দ্বিতীয় এলিজাবেথের মা প্রথম এলিজাবেথ সেই মুকুট পরেন।

ডেইলি মেলের খবর বলছে, এবার চার্লসের স্ত্রী ক্যামিলার মাথায় উঠবে কোহিনুরসহ সেই মুকুট। চার্লসের রাজ্যাভিষেকের সময় সেই মুকুট পরবেন তিনি।

কোহিনুর এখন ১০৫.৬ ক্যারেটের হীরা। ভারতে পাওয়া গিয়েছিল এই হীরা। বহুবার হাতবদল হওয়ার পর ব্রিটিশরা যখন পাঞ্জাব অধিকার করে, তখন তারা কোহিনুর পায়। সেই থেকে তাদের কাছেই আছে এই হীরা।

এই হীরা ফেরত পাওয়া নিয়ে কিছুদিন আগেও সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। মামলাটি করেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তার দাবি, ব্রিটিশরা বেআইনিভাবে এই হীরা অধিকার করেছিল। তাই এখন তা ফেরত দেওয়া উচিত। সুপ্রিম কোর্টকে এই ব্যাপারে সরকারকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। তবে সর্বোচ্চ আদালত সেই নির্দেশ দেয়নি।