রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণসভায় যাওয়ায় ইস্ট লন্ডন মসজিদের ইমাম শেখ মোহাম্মদ মাহমুদের অপসারণের দাবি জানিয়েছেন একদল মুসল্লি। লন্ডনে বাংলাদেশিদের সবচেয়ে বড় ওই মসজিদটির ইমামকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন তারা।
মঙ্গলবার (১১ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি রিজেন্ট পার্ক মসজিদে রানি দ্বিতীয় এলিজাবেথের স্মরণে আয়োজিত সভায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন শেখ মোহাম্মদ মাহমুদ। সেই অনুষ্ঠানে শিশুরা যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত “গড সেভ দ্য কিং” পরিবেশন করে। অনুষ্ঠানটি প্রচার করা হয়েছিল ব্রিটেনের জাতীয় গণমাধ্যমেও।
এদিকে, বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইমাম মাহমুদের বিপক্ষে প্রচারণা চলছে। তাকে অপসারণের দাবি জানিয়ে চেঞ্জ ডট অর্গ ওয়েবসাইটে একটি পিটিশন করা হয়েছে। সেখানে ইতোমধ্যে এক হাজারের বেশি মানুষ সই করেছেন।
ওই পিটিশনে বলা হয়েছে, “যিনি ঔপনিবেশিক পদক গ্রহণ করেছেন এবং আপনার সন্তানদের দিয়ে ‘গড সেভ দ্য কিং’ গান গাইয়েছেন, তার থেকে আপনি কী আশা করেন? এরকম ইমামের কাছে আপনার সন্তানদের কেন পাঠাবেন?”
উল্লেখ্য, ইমাম শেখ মোহাম্মদ মাহমুদ ব্রিটেনের সম্মানসূচক পদক “অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার” (ওবিই) পেয়েছেন।
এর আগে ৮ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদে মাগরিবের নামাজের পর ইমাম মাহমুদকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেন একদল মুসল্লি। এই বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছেন অনেকেই।
ভিডিওতে দেখা গেছে, মুসল্লিরা উত্তেজিত হয়ে মসজিদের বড় হলঘরের সামনে হন। সেখানে তারা উচ্চস্বরে কথা বলছেন, আর মসজিদের কর্মকর্তারা তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন বিক্ষোভরত মুসল্লিরা ইমামকে অপসারণের দাবি জানাতে মসজিদের কর্মকর্তাদের শরণাপন্ন হচ্ছেন।