নিজ খামারে কুমিরের কামড়ে প্রাণ হারালেন চাষি

কুমিরের খামারে পড়ে প্রাণ হারিয়েছেন উত্তর কম্বোডিয়ায় এক চাষি। দেশটির সিয়াম রিপ শহরের কাছে শুক্রবার (২৬ মে) এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

নিহত চাষির নাম লুয়ান ন্যাম, বয়স ৭২। তিনি স্থানীয় কুমির চাষি সমিতির সভাপতি ছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, অন্তত ৪০টি কুমির ওই চাষির শরীরে কামড় বসায়।

পুলিশ জানায়, ন্যাম খাঁচা থেকে কুমির বের করে দিয়ে ডিম আনার চেষ্টা করেছিলেন। এ সময় একটি কুমির তার হাতের লাঠি কামড়ে ধরে তাকে টানতে থাকে। একপর্যায়ে তিনি কুমিরের ঘেরের মধ্যে পড়ে যান।

পুলিশ প্রধান মে স্যাভরি বলেন, “এ সময় ঘেরের বাকি কুমিরগুলো ন্যামের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার মৃত্যু না হওয়া পর্যন্ত এগুলো তাকে কামড়াতে থাকে।”

তিনি বলেন, “ন্যামের শরীরে অসংখ্য কামড়ের দাগ ছিল। তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।”

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ডিম, চামড়া এবং মাংসের জন্য কুমিরের চাষ করা হয়।