তুরস্ক সীমান্তে বিবস্ত্র ৯২ অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিস

তুরস্কের উত্তর সীমান্তের কাছে বস্ত্রহীন অবস্থায় ৯২ জন অবৈধ অভিবাসীর একটি দলকে উদ্ধার করেছে গ্রিসের পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) তুরস্কের উত্তর-পূর্ব সীমান্তে ইভরোস নদীর তীর থেকে গ্রিক সীমান্তরক্ষী ও ইউরোপীয়ান ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের কর্মকর্তারা ওই অভিবাসীদের উদ্ধার করে।

গ্রিস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘শুক্রবার গ্রিস ও তুরস্কের সীমান্তে চিহ্নিত ইভ্রোস নদীর কাছে অভিবাসীদের পাওয়া যায়। তারা সবাই পুরুষ। অভিবাসীরা তুরস্ক থেকে রাবারের ডিঙ্গিতে নদী পার হয়ে গ্রিক অঞ্চলে প্রবেশ করেছিল।’’

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সীমান্ত পুলিশ সদস্যরা...বস্ত্রবিহীন ৯২ জন অবৈধ অভিবাসীকে খুঁজে পেয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’’

‘‘কীভাবে ও কেনো পুরুষরা তাদের পোশাক হারিয়েছিল তা স্পষ্ট নয়।’’

গ্রিক অভিবাসন মন্ত্রী নোটিস মিতারাচি এক টুইটে বলেন, ‘‘অভিবাসীদের সাথে তুরস্কের আচরণ ‘সভ্যতার জন্য লজ্জাজনক।’’

এথেন্স আশা করছে আঙ্কারা ঘটনার তদন্ত করবে।

তুরস্ক ও গ্রিস নিয়মিতভাবে অভিবাসী সংক্রান্ত বিষয়ে একে অপরকে অভিযুক্ত করে থাকে।