ঝড় ও প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে দক্ষিণ ফিলিপাইনে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এতে নিখোঁজ রয়েছেন আরও বহুসংখ্যক।
দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির দুর্যোগ সংস্থা বলছে, ১৮ জন নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকর্মীরা কাজ করছে।
মেয়রের কার্যালয় সূত্র জানায়, রাজধানীর উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হয়।
শনিবার গ্রীষ্মমন্ডলীয় ঝড়ে দেশটির একাধিক অঞ্চলে প্রতি ঘন্টায় ৯৫ কিলোমিটার (৬০ মাইল) ও ১৩০ কিলোমিটার (৮০ মাইল প্রতি ঘন্টা) পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে যায়।
রাজ্যের আবহাওয়া সংস্থা জানায়, রাজধানী ও এর নিকটবর্তী প্রদেশগুলোতে ভারী ও কখনও কখনও প্রবল বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে ঝড়ের কারণে দেশটির অন্তত ১১৬টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, ঝড় বৃষ্টির কারণে প্রায় ৭,৫০০ যাত্রী, চালক ও কার্গো হেল্পার এবং ১০৭টি জাহাজ বন্দরে আটকা পড়েছে।
রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র টুইটারে বলেছেন, সরকারি সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য ও খাবারের প্যাকেট দিচ্ছে।
দক্ষিণাঞ্চলীয় মাগুইন্দানাও প্রদেশে বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে।
মাগুইন্দানাওয়ের প্রাদেশিক প্রশাসক সাইরাস টরেনা ডিজেডএমএম রেডিও স্টেশনকে বলেছেন, আমরা আরও হতাহতের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না। তবে আমরা প্রার্থনা করি এটি যেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি না পায়।
ফিলিপাইনে বছরে গড়ে ২০টি গ্রীষ্মমন্ডলীয় ঝড় হয়।
ডিসেম্বরে ক্যাটাগরি-৫ টাইফুন রাইয়ে কেন্দ্রীয় প্রদেশগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এতে ৪০৭ জন মারা যায় ও ১,১০০ জনেরও বেশি আহত হয়।