ভারতে প্রথমবারের মতো লিথিয়াম খনির সন্ধান

ভারতের কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় ৫৯ লাখ টন অনুমিত লিথিয়ামের মজুত পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির খনি মন্ত্রণালয় জানিয়েছে, “ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ প্রথমবারের মতো জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হাইমানা এলাকায় ৫৯ লাখ টন লিথিয়ামের সন্ধান পেয়েছে।

জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই) জানিয়েছে, প্রথমবারের মতো লিথিয়ামের খনির সন্ধান পেয়েছে তারা। কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় লিথিয়ামের ৫৯ লাখ টন অনুমিত মজুতের বিষয়ে নিশ্চিত হয়েছে তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত তাদের প্রয়োজনীয় মূল খনিজগুলোর সরবরাহ জোরদার করার চেষ্টা করছে, এসব খনিজের মধ্যে লিথিয়াম অন্যতম।

দেখতে রূপালি সাদা নরম ধাতু লিথিয়াম বৈদ্যুতিক গাড়ি ও মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাটারির একটি মূল উপাদান। এই ধাতুর মজুতের সন্ধান পাওয়ায় ভারতে ব্যাটারি শিল্পে নতুন ঢেউ লাগবে বলে ধারণা করা হচ্ছে।   

এর পাশপাশি জম্মু ও কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্নাটক, মধ্য প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলেঙ্গানাতে ৫টি সোনার খনিসহ পটাশ, মলিবডেনাম ও অন্যান্য মৌল ধাতুর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির খনি মন্ত্রণালয়।

ভারতীয় রেলওয়ের জন্য কয়লার মজুতের খোঁজ করতে ১৮৫১ সালে তৎকালীন ব্রিটিশ সরকার জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জিএসআই) প্রতিষ্ঠা করেছিল।